চাঁদপুরে এলাকা ভিত্তিক লকডাউন শুরু

চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরে করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। সোমবার সন্ধ্যা পর্যন্ত করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ৩৮ জন।

আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৬০ জন। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে চার শ পেরিয়ে গেছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত এবং মৃত্যু চিহ্নিত করে এলাকা ভিত্তিক লকডাউন শুরু করেছে প্রশাসন।

সোমবার( ১৫ জুন) চাঁদপুর পৌরসভার ১১ নাম্বার ওয়ার্ডের আব্দুর রশীদ সড়কের কয়েকটি বাড়িতে করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায়।

এমন অবস্থায় সেই এলাকাটির সড়ক বন্ধ করে দিয়ে লকডাউন করেছে জেলা প্রশাসন। এসময় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, এই এলাকায় বেশ কয়েকজন আক্রান্ত ছাড়াও করোনা পজিটিভ নিয়ে দুইজন মারা গেছেন। ফলে সঙ্গত কারণে কঠোর লকডাউনের আওতায় নেওয়া হয়েছে। তিনি আরো জানান, আক্রান্ত এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর, প্রয়োজনীয় সহযোগিতা দিতে জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছে।

এছাড়া চাঁদপুর শহরে অসংখ্য লোকজনের মুখে এখনো মাস্ক পড়ার প্রবণতা চোখে পড়ছে না। এমন পরিস্থিতিতে সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে চার শতাধিক ব্যক্তিকে মাস্ক বিতরণ করে।

এসময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, একটি সেলুনসহ বেশ কয়েকজনের কাছ থেকে জরিমানা আদায় করেন। অন্যদিকে, জেলার কচুয়ার রহিমানগর বাজার ও পাশের পালগিরি গ্রামে করোনা ছড়িয়ে পড়ায় এবং একাধিক মৃত্যুর ঘটনায় সেখানেও লকডাউন চলছে।

You might like