রায়পুরে বিয়ের তিন দিনের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ হৃদয় হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর রায়পুরে বিয়ের তিন দিনের মাথায় তানিয়া আক্তার (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজারের পাশে নাইয়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তানিয়া আক্তার একই এলাকার জেলে আব্দুস সালেমের ছোট মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে তানিয়ার পরিবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রামে এসে বসবাস করছেন। পিতা ও সৎ মা সহ তারা তিন ভাই ও ছয় বোন।

শনিবার রাতে খাসেরহাট বাজারের পাশে দিঘীরপাড় এলাকার মৃত রহমত আলীর ছেলে এক সন্তানের জনক ঢাকার গার্মেন্টকর্মী সালাউদ্দিন বিয়ে করেন তানিয়াকে। সোমবার বিকালে তানিয়ার সঙ্গে ঝগড়া করে ঢাকা চলে যান সালাউদ্দিন।

মঙ্গলবার সকাল ৯টায় বড় ভাই আবু বক্করের বাড়ি থেকে বাবার ঘরে এসে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন নববধূ তানিয়া আক্তার। এ ঘটনা জানতে সালাউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রায়পুর হাজিমারা পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজান বলেন, আমরা যাওয়ার আগেই তানিয়ার লাশ মাটিতে নামিয়ে রাখা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই অপমৃত্যুর মামলা করেছেন। রিপোর্ট এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

You might like