টাঙ্গাইলে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত

 

মেহেদী হাসান রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট :

টাঙ্গাইল শহরে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম। এ সময় তিনি বরের বাবাকে ৪০ হাজার টাকা এবং কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

আদালত সূত্র জানায়, শহরের একটি এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে গোপন সূত্রে এ খবর পান টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম। খবর পেয়েই তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করেন।

অভিযানে বরের বাবাকে ৪০ হাজার টাকা এবং কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. খায়রুল ইসলাম জানান, ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারায় বর ও কনের বাবাদের জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে কনের বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার, ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহেল ওয়ারেছ হুমায়ূন ও জোবায়দা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।

You might like