ভালুকায় গাঁজাবাহী ট্রাক আটক করতে গিয়ে ট্রাক চাপায় র‌্যাব সদস্য নিহত

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহের ভালুকায় গাঁজাবাহী ট্রাক আটক করতে গিয়ে ট্রাক চাপায় ইদ্রীস মোল্লা নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডষ্টোর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১ এর পরিচালক লেফটেনেন্ট কর্ণেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, টঙ্গী থেকে মাওনা গাঁজার একটা চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব-১ এর ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে গাঁজা বহনকারী ট্রাক থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ট্রাকটিকে আটকের জন্য মোটরসাইকেল নিয়ে ইদ্রিস মোল্লা ও সিনিয়র ডিএডি গোলাম মোস্তফা ধাওয়া করতে থাকে।

পরে বাগেরবাজার পর্যন্ত পৌছানোর পরই ট্রাকের পিছন থেকে একটি গাঁজাভর্তি বস্তা ফেলে দেয়। এ সময় সিনিয়র ডিএডি গাঁজার বস্তাটি উদ্ধার করার জন্য মোটরসাইকেল থেকে নেমে পড়েন।

তবে, ইদ্রীস আলী ট্রাকটিকে ধাওয়া করতে থাকে। ট্রাকটি ভালুকার সীডস্টোর এলাকায় কোকাকোলা কোম্পানীর সামনে পৌছলে র‌্যাব সদস্য মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দিলে ট্রাকচালক মোটরবাইকটিকে ধাক্কা দিলে ইদ্রীস আলী মোল্লা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে ফাড়ির ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী বলেন, গাজাঁবাহী ট্রাকটি ভালুকা সীডস্টোর এলাকায় কোকাকোলা কোম্পানীর সামনে পৌছলে র‌্যাব সদস্য মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দিলে ট্রাকচালক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইদ্রীস আলী মোল্লা।

তিনি আরও বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার ও ড্রাইভার পালিয়েছে।

You might like