

মো. সোহেল কিরণ, নিজস্ব প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া।
সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে, আমরা স্বাধীনতা পেতাম না। দেশ স্বাধীন না হলে আমরা বাংলাদেশ পেতাম না। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট রাষ্ট্রবিরোধী একটি চক্র বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর স্বপরিবারকে হত্যা করেছে। আমরা এ ঘাতকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই। সে সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একত্রিতে হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও জনশক্তি বিষয়ক সম্পাদক শাহীন মালুম, নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও খাবার বিতরণ করা হয়।








