ভোলার ভেলুমিয়ায় তেতুলিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

তাপস কুমার মজুমদার, ভোলা প্রতি‌নি‌ধি ॥
ভোলার ভেলুমিয়ায় তেতুলিয়া নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ভেলুমিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

বুধবার (১৮ আগস্ট) বিকাল সোয়া ৪ টায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজি ২ নং ওয়ার্ডে খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর শাখা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

ভেলুমিয়া ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মোঃ মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহত যুবকের লাশটি উদ্ধার করে। তবে লাশটির পরিচয় নিশ্চিত করা যায়নি।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটির গলায় ফাঁস দেওয়ার চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় ভোলা সদর থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

You might like