

রাজবাড়ী প্রতিনিধি: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ীর একটি কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া ওই শিক্ষকের নাম গাজী রুমা নাসরিন (৪২)। তিনি রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

রুমা নাসরিনের বাড়ি শহরের ২ নম্বর বেড়াডাঙ্গা। তাঁর স্বামী নাজমুল আলম চৌধুরী স্থানীয় অংকুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। নাজমুল-রুমা দম্পতির এক ছেলেসন্তান আছে। রুমার বাবার বাড়ি শহরের লক্ষ্মীকোল গ্রামের রাজারবাড়ি এলাকায়। আট ভাইবোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম ও বোনদের মধ্যে দ্বিতীয়।










