নজরুল জয়ন্তীতে ত্রিশাল সাজছে, ২৩ মে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ত্রিশাল, ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান আগামী ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই দিনে তিনি উপজেলার বইলর ইউনিয়নের ধরিয়ার খাল (দরার খাল) খনন কাজেরও উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।

মঙ্গলবার, ১৯ মে সকালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটন, জেলা প্রশাসক, এসএসএফের সদস্য ও পুলিশের জেলা পর্যায়ের কর্মকর্তারা প্রস্তুতি সভা শেষে খাল খননের স্থান এবং নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেন।

এর আগে কয়েক দফা প্রস্তুতি সভায় জানানো হয়েছিল, জয়ন্তীর অনুষ্ঠান ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত পাঁচদিনব্যাপী হবে। পরবর্তীতে সময়সূচি পরিবর্তন করে ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত তিনদিনব্যাপী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনসহ ত্রিশালের নজরুল একাডেমি মাঠ, নজরুল অডিটোরিয়াম, নজরুল মঞ্চ, কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ও আশপাশের সড়ক সংস্কার এবং সাজসজ্জার কাজ পুরোদমে চলছে। রঙের প্রলেপ, আলোকসজ্জা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

তার আগমনকে কেন্দ্র করে ত্রিশালে এখন সাজসাজ রব। নজরুল জন্মজয়ন্তী ঘিরে এলাকার ঘরে ঘরে বইছে আনন্দের জোয়ার। অতিথি আপ্যায়নের জন্য পরিবারগুলো নিচ্ছে বাড়তি প্রস্তুতি।

স্থানীয়দের প্রত্যাশা, তারেক রহমান ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করতে পারেন। এছাড়া ত্রিশালবাসী তাঁর কাছে ময়মনসিংহ বিভাগের বিমানবন্দর ত্রিশালে স্থাপন, কবি নজরুলের নামে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং ত্রিশালকে শিল্প এলাকা হিসেবে ঘোষণার দাবি জানাবেন বলে জানা গেছে।

প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রি.

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy