

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্ট তামিল কার্যক্রমে অসামান্য অবদান রাখায় একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছে আমতলী থানা। জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত কর্মকর্তাদের মে-২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সোমবার (১৫ জুন) বরগুনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার প্রদান করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের স্বীকৃতি হিসেবে বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।
এছাড়াও মাদক উদ্ধার অভিযানে বিশেষ সাফল্যের জন্য শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন আমতলী থানার এসআই (নিঃ) মোহাম্মদ ওয়ালী উল্লাহ। বিভিন্ন মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন।
অন্যদিকে আদালতের পরোয়ানা বাস্তবায়নে দক্ষতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন আমতলী থানার এএসআই (নিঃ) মো. জসিম উদ্দিন সিকদার এবং এএসআই (নিঃ) মো. মাইনুল ইসলাম। তাদের নিরলস প্রচেষ্টায় বিপুল সংখ্যক ওয়ারেন্ট সফলভাবে তামিল হওয়ায় এ সম্মাননা অর্জিত হয়।
পুলিশ কর্মকর্তাদের এ সাফল্যে আমতলী থানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, আমতলী থানার কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীল কর্মপ্রচেষ্টার ফলেই এ ধরনের স্বীকৃতি অর্জিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আমতলী থানা অপরাধ দমন, মাদক নির্মূল এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
এ বিষয়ে আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি আমতলী থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের সহযোগিতা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় আমরা আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে আমরা বদ্ধপরিকর।”
সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা পুলিশের এ স্বীকৃতি আমতলী থানার কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে।
















