৫০ বছরেও মেলেনি নতুন ভবন, আমতলীর বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

প্রতিষ্ঠার অর্ধশতক পেরিয়ে গেলেও সরকারি কোনো নতুন ভবন পায়নি বরগুনার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। এতে বিদ্যালয়টির পাঁচ শতাধিক শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়ের শুরুতে নির্মিত দ্বিতল ভবনটি এখন অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে, ছাদের পলেস্তারা খসে পড়ছে এবং অনেক জায়গায় রড বের হয়ে আছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে শ্রেণিকক্ষগুলো পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মূল ভবনের পাশাপাশি পরবর্তীকালে নির্মিত দুটি একতলা ভবনের অবস্থাও নাজুক। ভবনগুলোর বিভিন্ন অংশে ঝুঁকিপূর্ণ অবস্থা স্পষ্ট হলেও বিকল্প কোনো অবকাঠামো না থাকায় সেখানেই চলছে শিক্ষা কার্যক্রম।

অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের দাবি, বিদ্যালয়ের মূল ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা উচিত ছিল। কিন্তু নতুন ভবন নির্মাণ কিংবা কার্যকর সংস্কার উদ্যোগ না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদ, অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নকাজ শুরু করতে হবে। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy