

মোঃ শহীদুল ইসলাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি তালিকায় আপত্তি জানানোকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মো. শিহাব মিয়াকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি জাতীয় দৈনিক “এদিন”-এর মধ্যনগর উপজেলা প্রতিনিধি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অকৃষক ও একই পরিবারের একাধিক সদস্যের নাম থাকার অভিযোগ তুলে শিহাব মিয়াসহ স্থানীয়রা ইউএনওর কাছে লিখিত আপত্তি দেন। পরে প্রশাসন বিতর্কিত নামগুলো স্থগিত রেখে পুনরায় যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেয়।

শিহাব মিয়ার অভিযোগ, আপত্তিতে ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম মিয়া ও তার পরিবারের একাধিক সদস্যের নাম উল্লেখ করায় তিনি ফোনে হুমকি দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম মিয়া বলেন, আমি এলাকার মানুষের পক্ষ থেকে তাকে ফোন করেছিলাম। কথোপকথনের সময় আবেগের বশে কিছু কথা বলে ফেলেছি। তাকে হুমকি দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না।
মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল বলেন, বিষয়টি আমরা শুনেছি। উপজেলা পর্যায়ে আমরা দুই-তিনজন বসে বিষয়টি যাচাই-বাছাই করে সাংগঠনিকভাবে পর্যালোচনা করব। এরপর সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি আপনাকে জানানো হবে।
ভারপ্রাপ্ত ইউএনও সঞ্জয় ঘোষ বলেন, কৃষক তালিকার বিতর্কিত নামগুলো তদন্ত করা হচ্ছে। সাংবাদিককে হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















