মানুষ উপাখ্যান : রুদ্র অয়ন

মানুষ উপাখ্যান
রুদ্র অয়ন

এক একটি মানুষ
যেন এক একটি গল্প,
অথবা কেউ কেউ উপন্যাস!

সবারই থাকে বুঝি
নির্দিষ্ট গন্তব্য,
মানুষগুলোই শুধু
কেমন যেন উদাসীন।

অজস্র নক্ষত্রবীথির
গতিপথ নির্ধারিত,
নদীগুলোও কেমন
একা একাই গন্তব্যে পৌঁছায়।

কেবল মানুষই
বার বার পিছু ফিরে চায়;
স্মৃতি বেদনায় হৃদয়ের
জলস্রোত শুধু ভেঙে পড়ে।

এক একটা মানুষ যেন
এক একটা গল্পের অধ্যায়।
খাঁ খাঁ জমি, ধু ধু মাঠ
অথবা কেউ কেউ অবিরাম
বৃষ্টিতে ভেজা তীর্থের কাক।

কেউ কেউ
অসমাপ্ত কাব্যলেখা,
অবিরাম দিনযাপনের
কেবলই উপাখ্যান।

ঢাকা, বাংলাদেশ

You might like