

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
হাওরের জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকার নতুন আইন প্রণয়ন করেছে। তবে আইন প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। হাওর ও জলাভূমি দখল, দূষণ এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ বন্ধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও মৎস্যজীবিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বক্তারা।
বুধবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ে হাওর ও জলাভূমি সংরক্ষণে নতুন আইন বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস।
কর্মশালায় ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন -২০২৬’ এবং ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ ’ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শঙ্কর কুমার বিশ্বাস বলেন, হাওর ও জলাভূমি শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এগুলো দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। হাওরের জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার আইন প্রণয়ন করেছে। তবে এ আইন কার্যকর করতে সবার সম্মিলিত সহয়োগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, হাওর ও জলাভূমি দখল, দূষণ এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ বন্ধ করতে হবে। নতুন আইন ও সুরক্ষা আদেশ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহূ, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, রায়হান উদ্দিন সোহেল প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ খ্রি.














