ফরিদগঞ্জে স্কুলশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার (১৭) নামের এক স্কুল শিক্ষার্থী রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। সুমাইয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় নানা গুঞ্জন চলছে।

সোমবার উপজেলার ১৬নং রুপসা (দক্ষিন) ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার বোরহান উদ্দিন উকিলের মেয়ে সুমাইয়া বসতঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। সে গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার দুপুরে সুমাইয়াকে বাসায় একা রেখে পরিবারের অপর সকল সদস্য গৃদকালিন্দিয়া বাজারে যায়।

বাজার থেকে ফিরে এসে দেখতে পায়, বাসার কলাপসিবল গেইটের ভিতর দিক থেকে তালা ঝুলানো অবস্থায় রয়েছে। এসময় সুমাইয়াকে দেখতে না পেয়ে তার মা রাবেয়া বেগম তাকে ডাকতে থাকে।

ঘর থেকে কোন সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখতে পায় ফ্যানের সাথে মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার এই অবস্থা দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

সুমাইয়ার মা রাবেয়া বেগম জানান, আমার মেয়েকে পরিকল্পিতভাবে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে নিয়মিত মামলা দায়ের হবে।

You might like