চাঁদপুরে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ২

সজীব খান, চাঁদপুর:

চাঁদপুর সদর উপজেলার পাইকদী ও শাহাতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটি।

জানা যায়, রবিবার পৃথক পৃথক অভিযানে মাদকসহ তাদেরকে আটক করা হয়। ২৮ নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রনি নামে এক ব্যক্তিকে গাঁজাসহ হাতেনাতে আটক করে পাইকদী মাদক নির্মূল কমিটির সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, তাকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বারবার বলার পরও তিনি এ পথ থেকে সরে আসেননি বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, শাহাতলী এলাকায় পৃথক অভিযানে রতন মিজি নামে এক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে পাইকদি মাদক নির্মল কমিটি সদস্যবৃন্দ । স্থানীয়ভাবে তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানান, মাদক যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই পাইকদী ও শাহাতলীসহ আশপাশের এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখা জরুরি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকায় মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

মাদকবিরোধী এ উদ্যোগের জন্য পাইকদী ও শাহাতলী মাদক নির্মূল কমিটির সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তাদের প্রত্যাশা, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং শাহাতলীসহ কোনো এলাকায় মাদক ব্যবসায়ীরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাই কার্যকর ভূমিকা রাখবেন।

প্রকাশিত:  রোববার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy