ফরিদগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০, নিহত ১

ফরিদগন্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরে দ্রুতগামী যাত্রীবাহী বাস সড়কের মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়া সাইকেল আরোহী মোঃ সোহেল মিজি (৫৫) গুরুতর আহত হলে ঢাকা নেওয়ার পথে মারা যায়। বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ধানুয়া গ্রামের দাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত সোহেল মিজি উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মো. আব্দুল কাদের মাষ্টারের ছেলে। তাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাইকেল-আরোহী সোহেল মিজি ফরিদগঞ্জ থেকে স্থানীয় বাজারের তার দোকানের জন্য মালামাল কিনে বাড়ি ফিরছিলেন।

এসময় চাঁদপুর-লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের ধানুয়া এলাকার দাস বাড়ির সামনে আসলে পিছন থেকে দ্রুতগামী যাত্রীবাহী ‘আনন্দ বাস’ তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় সোহেলের দুটি পা বাসের নিচে আটকা পড়ে গুরুতর আহত হয় সে। বাসে থাকা অন্যান্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েই সেখান থেকে চলে যান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন প্রিয় সময়কে জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

You might like