

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের একটি গ্রামীণ সড়কে বাঁশ দিয়ে পথ আটকে (চেক পোষ্ট) সড়কের পাশে বসে আছেন দুজন। মোটরসাইকেল, সিএনজি বা ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা আসতে দেখলেই সড়কে নেমে পড়ছেন। এরপর যানগুলোর গতিরোধ করে একটি নির্দিষ্ট টিকিট দিয়ে চাইছেন চাঁদা। কেউ সেই টাকা দিতে না চাইলে বা অপারগতা প্রকাশ করলে আটকে রাখা হয় গাড়ি, দেখানো হয় পুলিশ দিয়ে মামলা দেওয়ার ভয়। এভাবেই প্রকাশ্যে চাঁদাবাজির দৃশ্য দেখা যায় গত সোমবার দুপুরে উপজেলার চরবংশী ইউনিয়নের আলতাফ মাষ্টার সড়কের মাছ ঘাট এলাকায়।

সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২ মাস ধরে উপজেরার চরবংশী ইউনিয়নের আলতাফ মাষ্টার সড়কের মাছ ঘাটের ২’শ থেকে ৩’শ ফুট সামনের সড়কে সরাসরি বাঁশ দিয়ে পথ আটকে যানবাহন থেকে চাঁদা আদায় করছে ‘আলতাফ মাষ্টার মাছ ঘাট’ নামের একটি সংগঠন। চাঁদা আদায়কারীদের কারণে অতিষ্ঠ হওয়ার অভিযোগ করেছেন এ পথে চলাচলকারী যানবাহনের চালকেরা। মাষ্টারের নামে প্রতিটি মোটরসাইকেল, সিএনজি বা ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা থেকে আদায় করা হয় ২০ থেকে ৫০ টাকা। সুযোগ বুঝে ১০০ টাকা বা তারও বেশি নেওয়া হয়। বাঁশ বেধে সড়কের পাশে চেয়ারে বসে আছেন মো. শরিফসহ দুজন। তাঁদের হাতে বাঁশের লাঠি। কোনো যানবাহন আসতে দেখলেই দৌড়ে নামছেন সড়কে। গাড়ী আটক করে দাবি করছে চাঁদার টাকা। দাবিকৃত টাকা না দিলেই পুলিশের ভয় দেখিয়ে করা হয়রানি।
জানতে চাইলে চাঁদা আদায়কারী মো. শরিফ বলেন, আলতাফ মাষ্টারের নির্দেশে সড়কে বাঁশ দিয়ে চেকপোষ্ট বসিয়ে টাকা আদায় করা হচ্ছে। আপনারও গাড়ীতে ২০ টাকা করে চাঁদা দিয়ে ভিতরে প্রবেশ করাতে হবে। এটা সরকারি রাস্তা হলেও নিয়ন্ত্রণ আমাদের। আপনাদের কোন কথা থাকলে মাষ্টারকে ফোন বলতে পারেন।
ঘটনাস্থল থেকে একটু সামনে গিয়ে কথা হয় মোটরসাইকেল আরোহী তুহিন চৌধুরী নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘কত কইরা কইলাম আমি সামনের সমজিদে নামাজ পড়তে যাবো। কিন্তু তারপরও টাকা ছাড়া পথ ছাড়ে না তাঁরা। আছরের নামের সময় কম থাকায় বাধ্য হয়ে ২০ টাকা দেই তাঁদের। সরকারি রাস্তা দিয়ে গিয়ে নামাজ আদায় করতেও টাকা লাগে।
এ বিষয়ে আলতাফ মাষ্টারের সাথে কথা হলে তিনি বলেন, গতিরোধ করা বা ভয়ভীতি দেখানোর বিষয়টি মিথ্যা। ভিতরে গাড়ী প্রবেশ করলে যানযট সৃষ্টি হয়। তাই এখানে চেকপোষ্ট বসিয়ে শ্রমিকদের ব্যয় মেটাতেই যানবাহন থেকে অল্প পরিমাণে টাকা নেওয়া হয়। তবে কারও ইচ্ছার বাহিরে কোন টাকা আদায় না করার জন্য বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশাসনে কোন লোক ছাড়া সড়কে তল্লাশিচৌকি বসিয়ে বা গাড়ি থামিয়ে কোনো ধরনের তল্লাশি চালানোর এখতিয়ার কারও নেই। এ আইনের ব্যত্যয় হলে শাস্তির বিধান আছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া বলেন, যানবাহন থেকে চাঁদা আদায়ের বিষয়ে তাঁর জানা নেই। এ ছাড়া এখানে পুলিশেরও সংশ্লিষ্টতার কোনো বিষয় নেই। খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।







