কুমিল্লায় যুবলীগ নেতাকে হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ।। ০১ মে ২৩
কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় জেলা পুলিশের একাধিক টিম রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, হত্যাকান্ডে জড়িত বোরকা পরিহিত অস্ত্রধারীদের সনাক্তে সিসি ক্যামেরা ফুটেজ ও তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।

রোববার রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দিত উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় যুবলীগ নেতা জামাল হোসেনকে একদল বোরকা ও মুখোস পরিহিত অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে।

নিহত জামাল হোসেন (৪০) যুবলীগ নেতা। সে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

গুলিবিদ্ধ অবস্থায় জামাল হোসেনকে গৌরীপুরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষনা করেন।

চিকিৎসক মোঃ মোয়াজ্জেম আহমেদ বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে, আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।

এদিকে ঘটনা পর গৌরীপুর বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেয়।

দাউদকান্দি থানা পুলিশ জানায়, নিহতের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে ঢাকা থেকে এলে মামলা নেওয়া হবে।
পরিবারের সদস্যরা জানান, ময়নাতদন্ত শেষে ঢাকা থেকে বিকাল ৪ টার দিকে নিহতের বাড়িতে মরদেহ আনা হবে।

You might like