ফরিদগঞ্জে সওজ’র জায়গা দখলে নিয়ে দোকান নির্মাণ : উচ্ছেদেও স্থায়িত্ব মিলছে না

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

ফরিদগঞ্জে সওজর জায়গা দখলে নিয়ে দোকান/ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ চলছেই। কোনভাবেই ঠেকানো যাচ্ছে না। তাছাড়া উচ্ছেদেও স্থায়িত্ব মিলছে না। অবৈধ স্থাপনা নির্মাণে জড়িয়ে আছে রাজনৈতিক প্রভাব, সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কিছু কর্মকর্তা/ কর্মচারী, স্থানীয় দালাল, নামধারী মিডিয়াকর্মী।

উচ্ছেদের পর ফের দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালীরা। উচ্ছেদ অভিযানও নিরপেক্ষতার অভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ নিয়ে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সওজর জায়গায় অবৈধ দোকা ঘর নির্মাণ করে স্থানীয় কিছু প্রভাবশালী দীর্ঘদিন ধরে মাসে লাখ লাখ টাকা ভাড়া আদায় করছে। কোনো কোনো অবৈধ দখলদার নিজেরাও সওজর জায়গা দখল করে ঘর তুলে ব্যবসা চালিয়ে আসছিলেন। অবৈধভাবে স্থাপিত ওই সব স্থাপনা কিছু অংশ গত ৫ মাস পূর্বে উপজেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সম্প্রতি ওই স্থানে আবারো মাথাছাড়া দিয়ে উঠছে সরকারি সম্পত্তি দখলদার ওইসব দস্যুরা। ফলে কয়েক কোটি টাকা ব্যায়ে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটির সৌন্দর্য ম্লানসহ আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। সম্প্রতি জেলা সড়ক ও জনপথ বিভাগ দখলদারদের নোটিশ প্রদান করলেও রহস্যজনক কারণে তা কার্যকর হচ্ছেনা।

তথ্যানুসন্ধানে জানা যায়, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের দু‘পাশে শত শত একর জায়গা সড়ক ও জনপথ বিভাগের। এ জায়গা অবৈধ দখলে নিয়ে নির্মাণ করা হয়েছে শত শত দোকান/ব্যবসা প্রতিষ্ঠান। ফরিদগঞ্জ অংশের বাগড়া, শোভান, ধানুয়া, ভাটিয়ালপুর, কালিরবাজার রাস্তার মাথা, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, আল মদিনা হাসপাতালের দু’পাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সামনে, খেজুরতলা, নারিকেলতলা, গৃদকালিন্দিয়া বাজার এলাকা হয়ে রায়পুর উপজেলার বর্ডার বাজার পর্যন্ত অংশে শত শত অভৈধ স্থাপনা নির্মাণ করে মানুষ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। কালেভদ্রে উচ্ছেদ অভিযান হলেও তার স্থায়ী হচ্ছেনা। ফলে কার্যতঃ বেদখলেই থাকছে সড়ক ও জনপথের এ জায়গাগুলো।

সর্বশেষ গত বছরের ৯ জানুয়ারি ফরিদগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত ও অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিলেন প্রশাসন। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহকারি কমিশনার (ভূমি) আজিজুন নাহার, অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান এই উচ্ছেদ অভিযানে অংশ নেন। অভিযানে বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের ভ‚মির উপর স্থাপিত স্থাপনা উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কিন্তু জুন মাসে মোস্তফা রাড়ী নামের এক ব্যক্তি পুনরায় সেখানে দোকান ঘর তুলে হোটেল ব্যবসা শুরু করেছেন। মায়ের দোয়া হোটেলের স্বত্বাধিকারী তিনিই। তার দেখাদেখি চলতি মাসে ওহিদ মেম্বারসহ আরো কয়েকজন মিলে সেখানে পুনরায় দোকান ঘর তুলছেন। তাদের দেখাদেখি অন্যারাও ঘর তোলার প্রস্তুতি নিতে দেখা গেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েজন বলেন, জীবনে প্রথম দেখলাম উচ্ছেদ অভিযান, তাও আবার বেদখল করা হচ্ছে। এখানে স্থাপিত দোকানগুলো ভাড়া দেয়া ও সালামীসহ লাখ লাখ টাকার কাজ কারবার, সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্টরা ব্যবস্থা নিবে।

তাই ওই উচ্ছেদ অভিযান পরিচালনার পর আবারও পূর্বের দখলদারদের অবৈধ দখলে চলে গেছে অধিকাংশ উচ্ছেদকৃত জায়গা। দখলদাররা আবার তুলছেন তাদের দোকানঘর। আমাদের অবৈধ দখলের মানসিকতা ত্যাগের পাশাপশি উচ্ছেদ অভিযানের পর মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে । তাহলে হয়তো উচ্ছেদের স্থায়িত্ব মিলতে পারে।

ইব্রাহিম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে জানিয়েছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র ডেপটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেন বলেন, সর্বশেষ যে উচ্ছেদ হয়েছে তা আমাদের আবেদনের প্রেক্ষিতে হয়েছিল। কিছু অসাধু মানুষ অবৈধ স্থাপনা তুলে আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সৌন্দর্যকে ম্লান করছে।

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, এ বিষয়ে আপনি ইউএনও মহোদয়ের সাথে কথা বলেন। উনি বিষয়টি ভালো বলতে পারবেন।

উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা বলেন, এই অভিযোগটি আমি আরো আগে শুনেছি। আপনি নিশ্চয়ই জানেন, ভূমিটি সড়ক ও জনপথের। উনারা যদি আমাকে সঠিক তথ্য এবং সহযোগিতা না করে, আমি তাহলে কীভাবে কাজ করবো? অভিযান চালানোর জন্যে আমি প্রস্তুত আছি।

জেলা সওজ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মামুনুর রশিদ জানান, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের সময় দিয়ে আমরা কয়েকজনকে লিখিতভাবে নোটিশ প্রদান করেছি। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

You might like