

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়ায় অবস্থিত প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্রী “তানজু” ফেসবুকের একটি পেইজে আপত্তিকর ছবি প্রকাশ হওয়ায় আত্মহত্যা করেন বলেন জানা যায়।

বন্ধুর সাথে ঘুরাঘুরির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় বকাঝকা করে কলেজ পরিচালনা কমিটির এক সদস্য। এতে অভিমান করে তানজু আক্তার (১৯) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে পুলিশ ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এর আগে বেলা ১২ টার দিকে নানার বাড়িতে সেমিপাকা বসত ঘরের ভেতরে আড়ার সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
তানজু লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মৃত খোকন মিয়ার ছোট মেয়ে। তিনি কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় ‘এ মাইনাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
তানজুর মা মাজেদা বেগম বলেন, ‘আমার মেয়ের মোবাইলে থাকা ছবি নিয়ে কি একটা ঝামেলা হয়েছে। এ নিয়ে কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান তানজুর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে বকাঝকা করেন। মিজানের উপর অভিমান করে মেয়ে সকলের অগোচরে আত্মহত্যা করেছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘স্কুলছাত্রী তানজুর পারিবারিক অভিভাবক হিসেবে আমাকে মান্য করতো। একটি ছেলের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক হয়। গত ৫-৭ দিন আগে তাদের দুইজনের ঘুরাঘুরির ছবি নাকি টিকটকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তাঁর মামা মোরশেদ আমাকে জানায়। আমি তাঁদের অভিভাবক হিসেবে মোবাইল ফোনটি নিয়ে তাঁর মামার কাছে দিই। তাঁকে আমি কোন বকাঝকা করিনি, শাসন করেছি। কিন্তু তাঁর আত্মহত্যার জন্য এলাকার একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আত্মহত্যার জন্য আমি দায়ি নই।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া প্রিয় সময়কে বলেন, ‘মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’







