অকালে চলে গেলেন ডা. সুজাউদ্দৌলা রুবেল, শোকাহত চাঁদপুরের চিকিৎসকরা

সাইদ হোসেন অপু চৌধুরী :

করোনাকালে অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সেবা দিয়ে চাঁদপুরবাসীর মন জয় করা মানবিক চিকিৎসক ডা. এ এইচ এম সুজাউদ্দৌলা রুবেল আর নেই। শনিবার ২ সেপ্টেম্বর ৩টার দিকে চাঁদপুর শহরের ফেমাস স্পেশালাইজড (প্রা.) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান। তার অকাল মৃত্যুতে শোকাহত চাঁদপুরের চিকিৎসকরা।

মরহুমের নামাজের জানাযা শনিবার বাদ মাগরিব চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

ডা. সুজাউদ্দৌলা রুবেল বরিশালের সন্তান হলেও সেবা ও আন্তরিকতা দিয়ে তিনি চাঁদপুরবাসী হয়ে উঠেছিলেন। অনেকেই মনে করতেন তিনি চাঁদপুরের সন্তান। ডা. রুবেল দীর্ঘদিন চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ও করোনা বিষয়ক ফোকালপার্সন ছিলেন। গত কয়েক মাস পূর্বে তিনি চাঁদপুর মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। মৃত্যু পর্যন্ত তিনি এই পদে ছিলেন।

তার স্ত্রী ডা. সাজেদা বেগম পলিন করোনাকালের আরেক মানবিক চিকিৎসক। তিনি বর্তমানে নড়াইল জেলার সিভিল সার্জন।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত চিকিৎসক ও এলাকার সর্বস্তরের মানুষ তাকে দেখতে আসে এবং এক হৃদয় বিদারক পরিবেশের সৃস্টি হয়। এসময় স্বজনরা সকলে কান্নায় ভেঙ্গে পড়েন।

You might like