

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে নগদ টাকা দিয়ে সরকারী গাছ কাটার অনুমতি মিলে গেছে। টেন্ডার বা স্পট কোটেশন কিছুই লাগেনি। নিয়ম-বিধি তোয়াক্কা না করে এ কাজ করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও ইউএনও।

বন্ধের দিন শুক্রবার হতে শুরু করে রোববার বিকাল পর্যন্ত ওই গাছ কাটা হয়েছে উপজেলার পাইকপাড়া (উত্তর) ইউপি’র কামালপুর চৌরাস্তায়। পৌর এলাকার কাছিয়াড়া গ্রামেও রোববার বিধিবহির্ভূতভাবে গাছ কাটা হয়েছে। যদিও, মাসিক সমন্বয় সভায় গাছকাটা বন্ধের প্রস্তাব দিয়েছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।
সরেজমিন জানা গেছে, রূপসা-চান্দ্রা জিসিসি সড়কের কামালপুর গ্রামের চৌরাস্তা। সেখানে এলজিইডি’র জিসিসি সড়কে সৃজিত তিনটি রেইন ট্রি (গাছ) কেটে নিয়েছেন পাশর্^বর্তী পারুল বেগম (৩৫)। জানতে চাইলে তিনি একটি অনুমতিপত্র দেখিয়ে বলেন, নগদ ২০ হাজার টাকার বিনিময়ে গাছ কিনে নিয়েছেন।
তাতে, ইউএনও তাছলিমুন নেছা ও উপজেলা প্রকৌশলী আবরার আহম্মেদ এর স্বাক্ষর রয়েছে (তারিখ: ৩০-০৮-২০৩)। তিনি টাকা জমার কোনো রশিদ দেখাতে পারেননি। বলেছেন, নগদ টাকা দিয়েছি সিও জহিরের হাতে।
এ বিষয়ে জানতে চাইলে ফরেস্টার মো. কাওছার মুঠোফোনে বলেছেন, কামালপুর চৌরাস্তায় গাছ কাটার বিষয়ে আমি জানি না। কমিটিতে আমিও একজন সদস্য, আমার কাছ থেকে মতামত নেওয়া হয়নি। স্টিমেইট কিভাবে করেছে জানি না। জীবন্ত গাছের ক্ষেত্রে জেলা প্রশাসক ও বনবিভাগের অনুমতি বিহীন গাছ কাটার নিয়ম নেই। মরে গিয়ে ঝুঁকির সৃষ্টি করছে- এমন গাছের ক্ষেত্রে যথাযথ তদন্ত সাপেক্ষে ও কমিটির সভা আয়োজনের মাধ্যমে ইউএনও অনুমতি দিতে পারে।
উপজেলা প্রকৌশলী আবরার আহম্মেদ বলেছেন, পারুল বেগমের আবেদনের প্রেক্ষিতে ইউএনও অনুমতি দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাছগুলো মরা ও ঝুঁকিপূর্ণ ছিল, তাই জেলা প্রশাসকের অনুমতি লাগে না। স্পট কোটেশনে কারা অংশ নিয়েছেন, তাদের নাম ও ঠিকানা জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে উচ্চ স্বরে বলেন, এতো কথার জবাব দিতে পারবো না। আপনি তথ্য অধিকার আইনে আবেদন করেন, তারপর দেখা যাবে।
প্রকৌশল অধিদপ্তরের সি.ও জহির উদ্দিন দাবী করেছেন, ৩০-এ আগস্ট স্পট কোটেশন হয়েছে তার অফিস কক্ষে! কারা অংশ নিয়েছে। এমন প্রশ্নে তিনি বলেন, পারুল, নেছার ও সাইফুল। তাদের ঠিকানা জানতে চাইলে তিনি বলেন, ঠিকানা নেই। ইউএনও, প্রকৌশলী ও ফরেস্টার ছিল কি না- এমন প্রশ্নে তিনি রাগান্বিত স্বরে বলেন, এতো প্রশ্নের উত্তর দিতে পারবো না। যদিও, এলাকায় খোঁজ নিয়ে নেছার ও সাইফুল নামের কারও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
গাছ ক্রেতা পারুল বেগম (৩৫), বিল্লাল বেপারী (৩৪), আবুল কালাম (৬০)সহ প্রমুখ এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর তথ্যমতে গাছ জীবন্ত ছিল। মরে যাওয়া ও ঝুঁকিপূর্ণ ছিল না। জানতে চাইলে পারুল বেগম বলেছেন, নেছার ও সাইফুল নামের কাউকে চিনি না, আমার সাথে আমার ভাসুর পুত্র বিল্লাল, ভাগিনা বধু ছাড়া অপর কেউ ছিল না।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানিয়েছেন, মূলত গাছগুলোর কয়েকটি ডাল ভবনের ছাদের উপর চলে গেছে। তাই, মোটা অংকের টাকার বিনিময়ে প্রবাসীর স্ত্রী গাছ কাটার ব্যবস্থা করেছেন। জানতে চাইলে পারুল বেগম বলেন, ২০ হাজার টাকার বাইরে টাকা দেইনি। এ ছাড়া, রোববার দুপুরে কামালপুর চৌরাস্তায় গিয়ে দেখা যায়, কমিউনিটি সুপারভাইজার মনির এর উপস্থিতিতে তিনটি গাছ ছাড়াও অপর একটি গাছ কাটছিলেন কাঠুরিয়াগণ। গণমাধ্যম কর্মীদের দেখে কাঠুরিয়াদের নামিয়ে আনা হয়। মনির দাবী করেন, কয়েকটি ডাল কাটা হচ্ছিল।
নির্বাহী অফিসার তাছলিমুন নেছার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আপনি একটি অভিযোগ দেন। আমি একজন সংবাদকর্মী হয়ে অভিযোগ দেবো কেনো- এমন প্রশ্নে তিনি বলেন, গাছ কাটার কথা বলেছেন আপনি, অভিযোগও আপনাকেই দিতে হবে!
এদিকে, রোববার ফরিদগঞ্জ-ব্রহ্মপাড়া জিসিসি সড়কের পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে অপর একটি জীবন্ত গাছের প্রায় ৭০ শতাংশ কেটে ফেলেছেন স্থানীয় জহির (৪৫)। তিনি একটি কাগজ দেখিয়ে বলেন, ইউএনও ও প্রকৌশলীর স্বাক্ষরিত অনুমতিপত্র আছে, গাছটি আমার। গণমাধ্যম কর্মীর উপস্থিতির পর রহস্য জনকভাবে ওই গাছ কাটা বন্ধ করা হয়। এ ছাড়া, উপজেলার প্রায় সর্বত্র অহরহ গাছ কাটা হয়। সেগুলোর বৈধতা নিয়ে প্রায়শঃই প্রশ্ন উঠেছে। তদন্ত দাবী জানান এলাকাবাসী।







