‘বঙ্গবন্ধুকে হত্যা ও সংবিধান লঙ্ঘন করে জিয়া ক্ষমতায় এসেছিল’

মোঃ আব্দুল করিম, শেরপুর প্রতিনিধি :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি দেশবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দলটি বৈধ পথে কখনও ক্ষমতায় আসেনি। বঙ্গবন্ধুকে হত্যা ও সংবিধান লঙ্ঘন করে জিয়া ক্ষমতায় এসেছিল।

এখন নেতাবিহীন বিএনপি জনসমর্থন হারিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিদেশিদের কাছে ধরনা দিয়ে তারা দাবি আদায় করতে চায়। কিন্তু শেখ হাসিনা জাতির পিতার কন্যা। তাঁকে ভয় দেখিয়ে অসাংবিধানিক কোনো কিছু করা যাবে না। নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। কেউ বাধা দিতে পারবে না।

বুধবার (১৮ অক্টোবর) শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারোমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসা এবং কলেজের শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷

মতিয়া চৌধুরী আরো বলেন, শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়, দেশের মানুষের উন্নতি হয়। করোনাভাইরাস সারা পৃথিবীর অর্থনীতি কাবু করে ফেলেছিল। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি কাবু হয়নি।

আওয়ামী লীগের নেতৃত্বে বিগত ১৩ বছরে দেশে দারিদ্র্য কমেছে উল্লেখ করে তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ দেশের দায়িত্বভার নেওয়ার সময় দারিদ্র্যের হার ছিল ৪১ ভাগ। বর্তমানে তা নেমে এসেছে ১৮ ভাগে। অতিদরিদ্র মানুষের সংখ্যাও ৫ ভাগে নেমেছে।

প্রধানমন্ত্রী দেশের ঠিকানাবিহীন মানুষকে জমিসহ পাকাঘর করে দিয়েছেন। বছরের প্রথম দিন তিনি শিক্ষার্থীদের হাতে কোটি কোটি নতুন বই তুলে দেন। বিশ্বের কোথাও এমন নজির পাওয়া যাবে না। তিনি আরো বলেন, ‘সরকার যা বরাদ্দ দেয়, তা পাই আর আপনাদের বুঝায়ে দেই। প্রতিবছরই আমার সাধ্যমতো দেয়ার চেষ্টা করি। পড়ালেখায় ভালো করেছে সেসব শিক্ষার্থীদের প্রণোদনা দেই। এতে করে শিক্ষার্থীরা উপকৃত হয় এবং পড়ালেখায় আরও উৎসাহ পায়, অন্যদিকে শীতের কম্বল দিলে সাধারণ মানুষের উপকার হয় তাতে আমরা উপকৃত হই।’

এ পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরভার মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য এবং আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ দিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার উরফা ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাক্রমানুসারে ২০ জন করে ৯৮০ জন শিক্ষার্থীর মাঝে ১ হাজার টাকা করে ৯ লাখ ৬০ হাজার ও ৪টি ইবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেণির মেধাক্রমানুসারে ২০ জন করে ৩২০ জন শিক্ষার্থীর মাঝে ১ হাজার টাকা করে ৩ লাখ ২০ হাজার টাকা আর্থিক প্রনোদনাসহ ২শ হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন। পরে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান, রুপনারায়নকূড়া, নালিতাবাড়ী, কাকরকান্দি এবং নয়াবিল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টপটেন শিক্ষার্থীদের মাঝে ১০০০ টাকা নগদ প্রদান করেন এবং হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।

You might like