‘রাজনৈতিক সৌহার্দ্য শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের হাতিয়ার’

জাহাঙ্গীর আলম ইমরুল :

রাজনৈতিক সৌহার্দ্য থাকলে ক্ষমতাসীন ও বিরোধী মত একসাথে দেশের কল্যাণে কাজ করতে পারে। দলগুলোর মধ্যে সৌহার্দ্য থাকলে তাদের প্রতি জনগণের আস্থাও বৃদ্ধি পায়। শান্তিপূর্ণ সমাজের জন্য রাজনৈতিক সৌহার্দ্যরে বিকল্প নেই। রাজনৈতিক শক্তি গুলোর মধ্যে সৌহার্দ্য সৃষ্টি হলে সমাজে সম্প্রীতির চর্চা শক্তিশালী হয়। তাই সৌহার্দ্যমূলক ছোট বিষয়গুলোকেও গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইতিবাচক ভাবে তুলে ধরতে হবে। কুমিল্লায় ‘রাজনৈতিক সৌহার্দ্যরে সংস্কৃতি এগিয়ে নেয়ার পকিল্পনা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব বিষয় তাদের মতামত তুলে ধরেন।

রোববার দিনব্যাপি কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্মশালার আয়োজন করে।

ইউ কে এইড এর সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত বাংলাদেশে নাগরিক ক্ষমতায়নে রাজনৈতিক জবাবদিহিতা শক্তিশালী করা প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আওয়ামী লীগ, বিএনপির নেতারা তাদের মতামত লিখিত ভাবে উপস্থাপন করেন।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুজন কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সহ-সভাপতি নিখিল চন্দ্র রায়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার ও নারী নেত্রী রাশেদ আখতার প্রমুখ। এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাহিদা সুলতানা, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী জোসনা আক্তার, সাংবাদিক মহিুদ্দিন মোল্লা, ঐতিহ্য কুমিল্লার সভাপতি ও সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, এসময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লা রিজিওনের প্রোগ্রাম অফিসার মাসুদুর রহমান, ইলেক্টোরাল প্রোগ্রাম অফিসার শামিমা জাহানসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠন, সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম-এমএএফ একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী রাজনৈতিক ফোরাম যা বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে গঠিত যার সহযোগিতায় রয়েছে ইউএসএআইডি এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যালের ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’প্রকল্প।

জেলা পর্যায়ে ইতিবাচক রাজনৈতিক চর্চাকে ধরে রাখতে এমএএফ তার গুরুত্বপূর্ণ ভূমিকা সুসংহত করেছে। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দল থেকে আসা এমএএফ-এর সদস্যরা বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান, রাজনীতিতে নারী ও যুবদের অংশগ্রহণ বৃদ্ধি ও রাজনৈতিক সম্প্রতিকে উৎসাহিত করতে এমএএফ -এর মাধ্যমে যৌথভাবে কাজ করছে। এসব উদ্যোগে তারা সমাজের বিভিন্ন স্তরের সদস্যদেরকেও সম্পৃক্ত করছে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সুষ্ঠু ধারার গণতন্ত্র চর্চায় ২০১১ সাল থেকে বাংলাদেশে এবং ২০১৮ সাল থেকে কুমিল্লায় কাজ করছে। এর ধারাবাহিকতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় আলোচনায় উঠে আসে ‘রাজনৈতিক সৌহার্দ্য শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের হাতিয়ার’। তাই এই কর্মশালায় রাজনৈতিক সৌহার্দ্যের চর্চা সম্পর্কে আরো গভীর ধারণা লাভ, রাজনৈতিক সৌহার্দ্যের চর্চা চলমান রাখা এবং রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেয়ার লক্ষ্যে একটি সময়োপযোগী পরিকল্পনা তৈরি করতে গুরুত্বারোপ করা হয়।

You might like