যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও র‌্যালি

সাইদ হোসেন অপু চৌধুরী :

স্বাধীন বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর শনিবার বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর প্রধান শহীদ শেখ ফজলুল হক মণি ছিলেন একজন প্রগতিশীল রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিপথগামী যুবসমাজের পথ প্রদর্শক। শেখ মণি’র চেতনায় ও আদর্শে উজ্জীবিত হয়ে যুবলীগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। খুনি জিয়ার ষড়যন্ত্রে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী কিছু ঘাতক সেনা সদস্য শেখ মণিসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে জিয়াউর রহমান ১৫ আগস্টের খুনিদের বিভিন্নভাবে পুণর্বাসন করেছিলেন। আজ যখন বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে ঠিক সেই সময় খুনি জিয়ার কুলাঙ্গার সন্তান তারেক রহমান লন্ডনে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি-জামাত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। যুবলীগ নেতাকর্মীরা বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের অবকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পগুলোতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে যুবলীগের ভূমিকা রাখছে। শেখ ফজলুল হক মণির অনুসারী এবং সংগঠনের কর্মী হিসাবে আমরাও গর্বের সাথে বুক চাপিয়ে বলতে পারি, ‘যুবলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য সর্বোচ্চ আত্মহুতি দিতে প্রস্তুত।’ বঙ্গবন্ধুকন্যার জনপ্রিয়তা এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণে ১৩ বছর ধরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। তার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশ হিসেবেও মর্যাদা পেয়েছি। কোনো অনির্বাচিত, অসাংবিধানিক সরকারকে যাতে কেউ ক্ষমতায় বসাতে না পারে, সেদিকে আমাদের প্রত্যেক নেতা–কর্মী সোচ্চার ও সজাগ থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে একটা প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’

তিনি আরও বলেন যুবলীগ সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে। যুবদের ঐক্যবদ্ধ করে আলোকিত ভবিষ্যৎ গঠনে যুবলীগের নেতাকর্মীরা কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে আজকের যুবলীগ আগামীর সোনার বাংলা গঠন করবে। যুবলীগ সেই সংগঠন, যারা অপশক্তির বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করে জঙ্গিবাদ নিরসনে কাজ করে। যুবলীগ মানেই শেখ হাসিনা। আজ সারা দেশে শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস দমন অভিযান, দুর্নীতি দমন অভিযান চালাচ্ছে যুবলীগ। সেই শুদ্ধি পরিচ্ছন্নতার মধ্য দিয়ে, রাজনৈতিক অঙ্গনকে সচেতন করার মধ্য দিয়ে এক অগ্রগামী উদ্যোমী সংগঠন হলো আজকের বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সকল অপশক্তি নিরসনে যুবলীগকে আগামীতে আরো শক্তিশালী হতে হবে।

চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ ইউসুফ গাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।

সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন ও সিনিয়র যুগ্ন-আব্বায়ক শিমুল হাসান সামনুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ঝন্টু দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, চাঁদপুর পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. তাজুল ইসলাম মিয়াজী, ৮নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ইসমাইল মাল, হানারচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাত হাওলাদার প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়।

কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা।

You might like