

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, রোববার চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীরের সঞ্চালনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

দুপুরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
ওই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভায় জানুয়ারি ২০২৬ সালে থানার সার্বিক কার্যক্রম, মাদক, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মামলার তদন্তে অগ্রগতি, জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি ও সামগ্রিক পারফরম্যান্সে এগিয়ে থাকায় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষণা দেয়া হয়।
সভা শেষে জেলা পুলিশ সুপার তাঁকে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ স্বীকৃতি আমার একার নয়, এটি থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাবো। এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করি।
প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















