

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, “আলেমরা বলবে আলেমদের সমস্যা, মুক্তিযোদ্ধারা বলবে মুক্তিযোদ্ধাদের সমস্যা, জুলাই যোদ্ধারা বলবে জুলাই যোদ্ধাদের সমস্যা। সবগুলো শুনবে স্পিকার। এই কথাগুলো কালেক্ট করে আমি গিয়ে বলবো সংসদে। এমন পার্লামেন্ট বানাতে চাই, যে পার্লামেন্ট সবার কথা শুনবে, সবার কথা বলবে।” আজ বুধবার বিকেল ৪টার দিকে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে ‘কুড়ি-পার্লামেন্ট’ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ড. আতিক মুজাহিদ বলেন, “আজকে শুধু উদ্বোধনী, এই স্টেজে আমাদের অনেক ভুল-ভ্রান্তি হবে। কিন্তু আমি এরকম শুনতে চাই, আমার ওয়ার্ড ৪ নাম্বার। আমার ওয়ার্ডের এই এই বিষয় গুলো দেখবেন। চেয়ারম্যান সাহেবরা বলবেন মোটা দাগে আমার ইউনিয়নের এই তিনটা প্রবলেম। আমরা এড্রেস করে নেবো। তাহলে আমরা বাসায় বাসায় গিয়ে যেটা পাইতাম,
সেটা আমরা একসঙ্গে পেলাম।”

তিনি বলেন, “কুড়িগ্রামের আর্থসামাজিক উন্নয়নে জনগনের সাথে সম্পৃক্ত থেকে আমি “কুড়ি-পার্লামেন্ট” নামে একটি পার্লামেন্ট গঠন করতে চাই। যে পার্লামেন্টের সদস্য থাকবেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যারা এই পার্লামেন্টের মাধ্যমে কুড়িগ্রামের উন্নয়নের জন্য নানাবিধ চিন্তা-ভাবনা আমার কাছে সরাসরি পেশ করতে পারবেন এবং আমি সকলের মৌলিক দাবিগুলো নোট আকারে পরবর্তীতে জাতীয় সংসদ অধিবেশনে উপস্থাপন করবো এবং সেই অনুযায়ী বাজেট-বরাদ্দের জন্য প্রচেষ্টা করবো।”
তিনি আরো বলেন, “আমি জনগণের প্রকৃত দাবি-দাওয়া সংসদে তুলে ধরে এলাকার সকল সমস্যা নিরসন করতে চাই, আমি আপনাদের পরামর্শ নিয়ে কর্মমুখর কুড়িগ্রাম বিনির্মাণ করতে চাই”।
সাংসদ আতিক মুজাহিদের এই চিন্তাভাবনাকে ইনোভেটিভ বলছেন সংসদীয় আসনটির বিশিষ্টজনেরা। তারাও এ ব্যাপারে ইতিবাচক মতামত প্রকাশ করেন। জনগণের প্রকৃত সমস্যা সমাধান হতে পারে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের একমাত্র পথ বলে সমাবেশে মতামত দেন অনেকেই।
মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা, দলিত, হরিজন, তৃতীয় লিঙ্গ, সরকারি-বেসরকারি চাকুরিজীবী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক স্টেক হোল্ডার উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাজুল ইসলাম, সাংবাদিক তামজিদ হাসান, জেলা মহিলা পরিষদের সভানেত্রী রওশন আরা প্রমুখ।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















