

দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর পায়েল এর বিরুদ্ধে। শুক্রবার ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী পায়েল পলাতক রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আহত ব্যক্তি ফিরোজ হোসেন (৩৮)। তিনি জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী এবং ওই এলাকার শেখ আনছারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬-১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের সঙ্গে ফিরোজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ চলছিল।
আজ শুক্রবার ভোরে ফিরোজ হোসেন ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী পায়েল ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ফিরোজের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশিত : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ খ্রি.
















