চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
চাঁদপুর পৌরসভা ও সদর উপজেলায় ব্র্যাকের উদ্যোগে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মশার উৎপত্তিস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে হলে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশবিস্তার রোধ করা এবং এর জন্য আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, হাসপাতালসহ সব জায়গায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। কোথাও যেন পরিষ্কার পানিতে মশা বংশবিস্তার করতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

ক্লিনিং ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ কর্মসূচিতে সহযোগিতা করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

ক্যাম্পেইন চলাকালে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, পুরাতন টায়ারসহ মশার সম্ভাব্য উৎপত্তিস্থল পরিষ্কার করেন এবং স্থানীয় জনগণকে সচেতন করেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ব্র্যাকের চাঁদপুর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, ব্র্যাক জেলা সমন্বয়ক জিয়াউর রহমান, চাঁদপুর সদর ব্র্যাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, ব্র্যাক চাঁদপুরের সিসিএইচএ অফিসার বেলাল হোসেন, ক্যাম্পেইন সমন্বয়ক রিপন কর্মকার এবং যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।

প্রকাশিত : বুধবার, ১১ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy