

সাইদ হোসেন অপু চৌধুরী ও সজীব খান :
ঈদের আনন্দ মানেই শুধু নিজের পরিবার নয়—বিভিন্ন পেশাজীবী মানুষের মুখেও হাসি ফোটানো। আর সেই লক্ষ্যেই চাঁদপুরে আয়োজন করা হলো বড় এক মানবিক উদ্যোগ।

জি এম বাংলা লিমিটেডের সহায়তায় এবং খাদিজা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন উপজেলায় প্রায় সাড়ে ৫ হাজার নিম্ন আয়ের পরিবার এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শুরু করে সারাদিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের খাদিজা মহলে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপহার বিতরণের আগে কয়েকটি মাদ্রাসার এতিম ছাত্র ও আলেমদের অংশগ্রহণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট বায়তুল ফালা জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আলহাজ্ব ফারুক আহমেদ। এ সময় মাই টিভির চেয়ারম্যান নাছির উদ্দিন সাথী ও তার ছেলে সুনামধন্য ইউটিউবার তৌহিদ আফ্রিদির রোগ ও কারা মুক্তির জন্য দোয়া করা হয়।
এরপর শুরু হয় উপহার বিতরণ। শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, পাঞ্জাবি এবং নগদ অর্থ তুলে দেওয়া হয় হাজারো মানুষের হাতে। চাঁদপুর সদর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও হাইমচরসহ বিভিন্ন উপজেলা থেকে নারী ও পুরুষ এই ঈদ উপহার নিতে আসেন।
এই আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন খাদিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান খাদিজা বেগম এবং জি এম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মাই টিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাকিলা জাহান সেতু এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
জি এম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেএম মজিবুর রহমান জানান, ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ। মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
আরও বলা হয়, সমাজের সামর্থ্যবান মানুষরা যদি এগিয়ে আসে, তাহলে সুবিধাবঞ্চিত মানুষের জীবন বদলানো সম্ভব। বিশেষ করে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের খোঁজ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সবাইকে একসাথে মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে দেশ আরও সুখী ও সমৃদ্ধ হয়ে উঠতে পারে।
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ খ্রি.
















