

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ২৬ মার্চ ২০২৬
কুমিল্লায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা সম্মাননা প্রদান করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) কুমিল্লা জেলা প্রশাসকের বাংলো প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডারগণ।
বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরে আলম ভূঁইয়া, মুক্তিযুদ্ধকালীন কোতয়ালী থানা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মতিনসহ অন্যান্যরা।
পরে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মু. রেজা হাসান বীর মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করেন এবং তাঁদের অসামান্য ত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের এই ত্যাগই আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। আলোচনা সভা ও স্মৃতিচারণ শেষে উপস্থিত সকলের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের হাতে প্রাইজবণ্ড ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের এই আয়োজনে স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ খ্রি.
















