

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ভয়াবহ রূপ নিয়ে প্রাণ কেড়ে নিল এক নারীর। মারামারির সময় ননদের ধাক্কায় নিহত হয়েছেন ভাবী মোমেনা বেগম (৬৮)। রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম স্থানীয় বাবু সরকারের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার শেফালী বেগমের পরিবার এবং তার ননদ জোলেখা ও জোলেখার স্বামী বেলাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
এ নিয়ে প্রায়ই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ঝগড়া লেগে থাকত। রোববার সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হঠাৎ সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে মোমেনা বেগম প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রকাশিত : রোববার, ০৫ এপ্রিল ২০২৬ খ্রি.
















