ফরিদগঞ্জে পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া দুই সহোদরের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর)সংবাদদাতা :

ফরিদগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু সহোদরের মৃত্যু হয়েছে। নিহত, ইয়াসিন (৮) ও রাসেল হোসেন (৫)। স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ও আপন ভাই।

রোববার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামাপুর এলাকার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে দুই শিশু। এ সময় তাদের মা শাহীনা বেগম পুকুরের পাশে বসে শুকনো কাপড় গোছাচ্ছিলেন। কিছুক্ষণ পর সন্তানদের কোনো সাড়া না পেয়ে তিনি পুকুরে তাকিয়ে তাদের দেখতে না পেয়ে উদ্বিগ্ন হন। পানিতে নেমে খোঁজাখুঁজি করে দুই ছেলেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিশুদের বাবা আবুল বাশার বলেন, “আমি একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষ। সকালে দুই ছেলেকে খাবার খাইয়ে মাদ্রাসায় দিয়ে বাজারে ভিক্ষা করতে গিয়েছিলাম। পরে খবর পাই আমার দুই ছেলে পানিতে পড়ে মারা গেছে।

সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া ও ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ অনেকে ঘটনাস্থলে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রকাশিত : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy