কুমিল্লায় বকেয়া পাওনার দাবিতে ইপিজেড শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০৭ এপ্রিল ২০২৬

কুমিল্লায় ২০ মাস ধরে বকেয়া পাওনা আদায়ের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা ইপিজেডে অবস্থিত নাসা গ্রুপের শ্রমিকরা।

শ্রমিকদের এই কর্মসূচির ফলে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়, যাতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার সকালে কুমিল্লা ইপিজেড গেটের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করেন নাসা গ্রুপের কয়েকশ শ্রমিক। একপর্যায়ে তারা ইপিজেড এলাকা থেকে মিছিল নিয়ে মহাসড়কে উঠে এলে চার লেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত ২০ মাস ধরে তারা তাদের নায্য পাওনা আদায়ে কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন। দফায় দফায় আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত বকেয়া পরিশোধ করেনি নাসা কর্তৃপক্ষ। দীর্ঘ সময় বেতন-ভাতা না পাওয়ায় অনেক শ্রমিকের পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে এবং জেলা পুলিশের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা জানান, বকেয়া পাওনার দাবিতে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রকাশিত : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy