

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের হাজীগঞ্জে ঠিকাদার পরিচয়ে বিভিন্ন বাসা বাড়ি, বাণিজ্যিক ভবনে এবং রেঁস্তোরায় গ্যাস লাইনের সংযোগ দেওয়ার নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। লাইন সংযোগকারী এই প্রতারক চক্রের সক্রিয় সদস্য হচ্ছেন রুহুল আমীন কোম্পানি। তার দেশের বাড়ি বরিশাল জেলা তবে থাকেন হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড়ে।

গত কয়েক দিন পূর্বে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল তার ফেইসবুক ফেইজে হাজীগঞ্জ ঠিকাদার পরিচয় দিয়ে বিভিন্ন বাসা বাড়ি, বাণিজ্যিক ভবন ও রেস্তোরাঁ গ্যাস লাইন দেওয়ার নামে রুহুল আমীন কোম্পানির চাঁদা দাবি এমন বিষয়টি নজরে আসে।
পরে সেই তথ্য ও সরেজমিন তদন্তে জানা যায়, এই রুহুল আমীন কোম্পানি ঠিকাদার ও অফিসার পরিচয় দিয়ে গত বছরের অক্টোবর মাসে ৪৯ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয় বলাখাল দিঘীরপাড় আলী আহমদ মিয়ার কাছ থেকে। আর এ টাকা দক্ষিণ বলাখাল দাস বাড়ির মনোরঞ্জন দাসের মাধ্যমে রুহুল আমীন কোম্পানি নিয়েছেন।
তাছাড়া হাজীগঞ্জের বিভিন্ন জায়গায় গ্যাস সংযোগ দেওয়ার নামে প্রতারণা, গ্যাস সংযোগ দেয়ার কথা বলে ৫৮টি পরিবারের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়। তবে দীর্ঘ দিনেও বৈধ সংযোগ না পেয়ে তারা রুহুল আমিন কোম্পানির কাছে টাকা ফেরত চায়। এরপর থেকে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে দিতে অস্বীকৃতি জানিয়ে উল্টো নানা ভাবে হুমকি দিয়ে আসছে রুহুল আমীন কোম্পানি।
হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল বলেন, এ রুহুল আমীন কোম্পানি বিভিন্ন নামে বেনামে ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আমার কাছে অনেকেই মৌখিক ভাবে জানালে তাদেরকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পরামর্শ দেই।
হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর বলেন, রাস্ট্রীয় নিয়মের বাহিরে কোন কাজ করা বে-আইনি। যেখানে গ্যাস সংযোগ লাইন বন্ধ সেখানে টাকা নেওয়ার কোন মানে হয় না।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, আমি খতিয়ে দেখবো এ জাতীয় কোন অভিযোগ আছে কি-না। থাকলে বা কেউ নতুন করে এ ধরনের অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নিবো।
এ বিষয়ে অভিযুক্ত রুহুল আমীন কোম্পানি বলেন, আমার তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে। যে সময় গ্রাহকদের কাছ থেকে গ্যাস লাইনের বিষয়ে আবেদন নেওয়া হয়েছে তখন তারা নিজেরাই সরকারী চালান রশিদ আমাদেরকে দিয়েছে। তবে হঠাৎ করে সরকার গ্যাস সংযোগ নতুন লাইন বন্ধ করায় গ্রাহকরা বিপাকে পড়েছে। চালু হলে তারা সবাই লাইন পাবে। আমি কোন টাকা আত্মসাৎ করিনি।
বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি চাঁদপুর অঞ্চল প্রধান মোবারক হোসেন বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের নিয়োজিত কয়েকজন লোকের নামে অভিযোগ রয়েছে, তবে এখানে রুহুল আমীন কোম্পানির কোন কর্মরত ছেলে আছে কিনা তা দেখলে বলতে পারবো। গ্রাহক সেবা অচিরেই নতুন লাইনের সিদ্ধান্ত আসছে তখন হয়তো এ ধরনের অভিযোগ থাকবে না আশা করছি।





