চাঁদপুরে রিকশার জন্য চালককে হত্যা

সাইদ হোসেন অপু চৌধুরী :

চাঁদপুরে সামান্য একটি রিকশার জন্য প্রাণ দিতে হয়েছে চালককে। গত ২ সপ্তাহ আগে এমন চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত একমাত্র আসামি শরীফ হোসেনকে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। কি কারণে নিরীহ এই রিকশাচালক মো. দুলালকে হত্যা করা হয়েছিল। পুলিশের কাছে তার বর্ননা দিয়েছে ঘাতক। এরইমধ্যে ছিনিয়ে নেওয়া রিকশাটিও উদ্ধার করেছে পুলিশ। আসামি শরীফ হোসেন চাঁদপুর সদর উপজেলা দক্ষিণ গোবিন্দিয়া এলাকার হাবিবুর রহমান মাঝির ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে মো. দুলাল (৫৩) কে বয়স্ক দেখে তার বেটারিচালিত রিকশাটি চুরি করার উদ্দেশ্যে রঘুনাথপুর জনকল্যাণ বাজারে যাওয়ার জন্য রিকশাটি ভাড়া করে। রিকশা নিয়ে ইয়াকুব আলীর বাড়ির নির্জন জায়গায় পোঁছলে আসামী শরীফ রিকশা থামাতে বলে। ওই সময় দুলাল রিকশা থামানোর সাথে সাথে আসামী রিকশায় থাকা ইট দিয়ে মাথার পিছনে ২ বার আঘাত করলে পড়ে যায়। তখন আসামী রিকশা থেকে নেমে চালকের মাথায় আরো ২ বার আঘাত করে মৃত বলে মনে করে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার সড়কের পাশ ফেলে যায়।

মূলত চাঁদপুর লঞ্চঘাটে সিসি ক্যামেরায় সনাক্ত করে হত্যায় জড়িত ঘাতককে গ্রেফতার করতে মাঠে নামে পুলিশ। এদিকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে ঘাতক শরীফ হোসেনকে তার বাড়িতে নিয়ে যায় পুলিশ। এসময় বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া রিকশার অংশ বিশেষ।
নিহত রিকশাচালক মো. দুলালের বাড়ি ভোলার চরফ্যাশনের জাহানপুর গ্রামে। তিনি স্ত্রী এবং ৫ সন্তান নিয়ে চাঁদপুর শহরে বসবাস করতেন।

প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম, মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব শর্মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

You might like