

জাহাঙ্গীর আলম ইমরুল :
কুমিল্লায় অনুষ্ঠিত হয়েগেলো বাংলাদেশ ও ভারতীয় সাইক্লিস্টদের অংশ গ্রহণে যৌথ মাদক বিরোধী ফ্রেন্ডশিপ সাইকেল র্যালি। সীমান্তে মাদক চোরাচালান রোধসহ মাদক বিরোধী জনসচেতনতা তৈরীতে মাদক বিরোধী নানান শ্লোগানে এই র্যালি অনুষ্ঠিত হয়।

এতে ভারতের আগরতলা থেকে আসা ১৯ জন সাইক্লিস্ট অংশনেয়। গেলো ১৩ অক্টোবর ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতের সাইক্লিস্টরা। তারা প্রথমে নারায়নগঞ্জের বারদীতে যান। সাইক্লিস্টরা ব্রাহ্মণবাড়ীয়, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় ঘুরে ১৪ অক্টোবর তারা কুমিল্লায় আসেন। এসময় তারা পথেপথে মাদক বিরোধী নানান শ্লোগান সংবলিত প্লেকার্ড বহন করে মাদক বিরোধী প্রচারনা চালান।
১৫ অক্টোবর রোববার সকালে ভারতীয় ও কুমিল্লার সাইক্লিস্টদের অংশগ্রহনে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে মাদক বিরোধী আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।
এর পর নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে থেকে বাংলাদেশ ও ভারতীয় সাইক্লিস্টদের সাথে সাইকেল চালিয়ে মাদক বিরোধী ফ্রেন্ডশিপ রাইডের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

র্যালিতে ভারত-বাংলাদেশের প্রায় শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। এসময় তারা কুমিল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। চার দিনের সাইকেল পরিভ্রমণ শেষে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যান তারা। দুই দেশের সাইক্লিস্টদের যৌথ এই সাইকেল র্যালি সীমান্তে মাদক পাচার রোধসহ মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে অনেক ভূমিকা রাখবে বলে মনে করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এবং কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এবং বাংলাদেশ ও ভারতের সাইক্লিস্টরা।







