
ভোলা প্রতিনিধি :
ভোলার দৌলতখানে আজ শনিবার বিকালে মেঘনায় মাছ শিকার ঘাটে ফেরার পথে নৌকার ভেতর বজ্রপাতে আল আমিন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

এ সময় নুরনবী ও শাহজাহান নামে তার অপর দুই জেলে সঙ্গী আহত হয়।
আহতরা দৌলতখান উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। নিহত আল আমিন উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুল মেস্তরী বাড়ির বাহার মাঝির ছেলে।
আহত জেলেদের সূত্রে জানা যায়, আল আমিনসহ তারা শনিবার সকালে মধ্য মেঘনায় ইলিশ মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে বিকেলের দিকে দৌলতখান মাছঘাটে ফিরছিলো। পথিমধ্যে তাদের নৌকাটি আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই জেলে আল আমিন নিহত হয়।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বজলার রহমান জানান, মেঘনায় ইলিশ মাছ ধরে ঘাটে ফেরার পথিমধ্যে বজ্রাঘাতে এক জেলে নিহত হয়। নিহত জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











