
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় আয়েশা আক্তার আলফি নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় অবস্থিত গ্রিন ডেলটা হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এ ঘটনায় রবিবার (২৩ আগস্ট) দুপুরে পাগলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও হাসপাতালটি ঘেরাও করে বিক্ষোভ করেছে নিহত শিক্ষার্থীর স্বজন ও এলাকাবাসী। পরে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা।

নিহত স্কুলছাত্রী আয়েশা আক্তার আলফি পাগলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে ফতুল্লার দক্ষিণ নয়ামাটি এলাকার শাহাদাৎ হোসেনের বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের মেয়ে।
মিজানুর রহমান জানান, ৪ দিন আগে সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পায় তার মেয়ে আলফি। পরে স্থানীয় গ্রিন ডেলটা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা আলফিকে দুইটি ইনজেকশন দেন। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনার দুইদিন পর তার শারীরিক অবস্থা খারাপ জানিয়ে হাসপাতালের চিকিৎসকরা তাকে অন্য হাসপাতালের আইসিইউতে প্রেরণ করে। রবিবার সকালে সেখানে আলফি মারা যায়।
আলফির বাবা মিজানুর রহমানের দাবি, হাসপাতালের ভুল চিকিৎসায় তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার চান।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন প্রিয় সময়কে জানান, রোগীর স্বজনরা সড়ক অবরোধ করেছিল। তাদেরকে সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।











