গ্র্যাজুয়েট পাশ ছাড়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না

দেশে স্নাতক ডিগ্রি ছাড়া ফাজিল, স্নাতকোত্তর ডিগ্রি ছাড়া কামিল এবং গ্র্যাজুয়েট পাশ ছাড়া কোন ব্যক্তি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না বলে একটি অনুলিপি প্রকাশ করে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এই মামলার রিটকারী আইনজীবী মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের স্বাক্ষরের পর গত ১৯ আগস্ট ১৫ পৃষ্ঠার এ রায় প্রকাশিত হয়।’

রায়ে বলা হয়, কোন ব্যক্তি যদি ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হতে চায় তাহলে তাকে ফাজিল বা ডিগ্রি পাস হতে হবে এবং কোন ব্যক্তি যদি কামিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি হতে চায় তাহলে তাকে কামিল বা মাস্টার্স পাস হতে হবে।

 

গত ২১ জানুয়ারি গ্র্যাজুয়েট ব্যক্তি ছাড়া দেশের কোনও ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবে না বলে রায় ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গতকাল ১৯ আগস্ট হাতে পেয়েছেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী মো. হুমায়ন কবির।

রায়ে আদালত অভিমত দিয়ে বলেছেন, মাদ্রাসার সঙ্গে মিল রেখে সভাপতি হওয়ার জন্য ফাজিল মাদ্রাসার ক্ষেত্রে স্নাতক ও কামিল মাদ্রাসায় মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

আদালতের রায়ের বিষয়ে গণমাধ্যমকে হুমায়ন কবির বলেন, প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্নাতক যোগ্যতা অনুযায়ী তিনজন ব্যক্তির নাম পাঠাবেন। তিনজনের মধ্যে থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন। কিন্তু ডিও লেটারে কেউ সভাপতি হলে সেটা বাতিল হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

You might like