

মেহেদী হাসান রাসেল, সখীপুর উপজেলা প্রতিনিধি :
সখীপুরে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুতের হস্তক্ষেপে ওই ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পায়।
বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ জানান, সাপিয়াচালা গ্রামের মৃত ইউসুফ আলী মাষ্টারের মেয়ে দূর্গাপুর দাখিল মাদ্রাসার ছাত্রী মারিয়ার (১৫) সাথে পাশের ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকার এক ছেলের সাথে বিয়ের কথা চলছিল।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন সহ আরো এলাকার গন্য মান্য ব্যাক্তিদের সাথে নিয়ে কনের বাড়ির অভিভাবকদের সাথে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন।
পরে নাবালিকা কন্যার ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন অভিভাবকরা।







