মাদারীপুরে রিমন হত্যা মামলায় ৬ জনের নামে মামলা, গ্রেফতার ১

নিউজ ডেস্ক :
মাদারীপুরে সরকারি কলেজের মাস্টার্স পরীক্ষার্থী রিমন সরদারকে পিটিয়ে হত্যা মামলায় আকলিমা বেগম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের লেকেরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর শহরের লেকেরপাড়ে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে তর্কবিতর্কে ওই এলাকার রাজীব খালাসী ও সজিব খালাসী (দুভাই) তাদের লোকজন নিয়ে রিমনকে হাতুড়ি পেটা করে। প্রথমে রিমনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিমন।

শনিবার সকালে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মাস্টার্স পরীক্ষার্থী রিমন হত্যার প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রথমে রিমনের গ্রামের বাড়ি সদর উপজেলার ব্রাহ্মনদী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পালন করা হয় মানববন্ধন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

 

এদিকে এ ঘটনায় নিহতের বড়ভাই আনিছুর সরদার ৬ জনকে আসামি করে শুক্রবার রাতে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলো, রাজীব খালাসী (৩২), সজীব খালাসী (৩২), আকলিমা বেগম (৫৫), তৃপ্ত (২০), রাব্বি ফরাজী (২৩) ও আসাম মাতুব্বর (২৪)। পরে অভিযান চালিয়ে শনিবার সকালে আকলিমা বেগম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২৬ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৮ সফর ১৪৪২ হিজরি, শনিবার

You might like