
আপডেট সময় : ০৪:৫৯ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর রাকিন নামে ৪ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) দুপুরে চর সৈয়দপুরে শিশুটির বাড়ির পাশে অন্য একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে সদর মডেল থানার পুলিশ। এর আগে শুক্রবার সকালে বাসার সামনে থেকে নিখোঁজ হয় শিশু সাকিন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন তার পরিবার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহত রাকিন ওই এলাকার আলমগীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া জালাল মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হর বিলাশ মন্ডল বলেন, ‘স্থানীয়রা সেপটিক ট্যাংকে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ‘নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ বলা যাবে। ’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রিয় সময়কে বলেন, ‘কয়েক মাস ধরে বাড়ির পাশে সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল। খেলতে গিয়ে শিশুটি সেখানে পড়ে গিয়ে মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে বিকেলে শিশুটির মরদেহ চর সৈয়দপুর বড় কবরস্থানে দাফন করা হয়।
নিহত শিশুটির চাচা ইয়াছিন সময় নিউজকে বলেন, যেহেতু এটি দূর্ঘটনা তাই স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান ও মেম্বার সাহেব শিশুটির অভিভাবক ও উন্মুক্ত সেপটিক ট্যাংকের বাড়ির মালিকের সাথে আলাপ আলোচনা করেছেন। ওই বাড়ির মালিক ক্ষতিপূরণ বাবদ নিহিত শিশুটির পরিবারকে আর্থিক সহযোগিতা দেবার আশ্বাস দিয়েছেন। তাই স্থানীয় জনপ্রতিনিধিরা মামলা মোকদ্দমা না করে সুষ্ঠু সমাধানের দায়িত্ব নিয়ে সেই চেষ্টা করছেন।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
০৮ নভেম্বর ২০২০ খ্রি. ২৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, রোববার











