রূপগঞ্জে পুলিশের সহযোগিতায় বিকাশের টাকা ফেরৎ পেলো ব্যবসায়ী নাজমুল

মোঃ সোহেল কিরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ব্রীজের পাশে ছোট্ট একটি ফ্লেক্সিলোডের ব্যবসা করেন নাজমুল ইসলাম। বাবা ফটিক মিয়ার নামে নিয়েছিলেন বিকাশ এজেন্ট সিম। বিকাশে লেনদেন করে কিছুটা লাভ হত তার। অনার্স পাশ করে নাজমুল কোন চাকুরি না পেয়ে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ফ্লেক্সিলড ও বিকাশের ব্যবসা। যা আয় হয় তা দিয়ে পরিবার নিয়ে দিন চলে যায় কোন রকম।

চলতি বছরের ২৭ জুলাই বিকাশের এক গ্রাহক তার বাড়িতে গরু কেনার জন্য ২০ হাজার টাকা বিকাশে পাঠাতে আসেন। কিন্তু নাজমুল যে বিকাশ নাম্বারে টাকা পাঠায় তার একটি ডিজিট ভুল হয়। এতে টাকা চলে যায় অজ্ঞাত ব্যক্তির বিকাশ একাউন্টে। ওই নাম্বারে ফোন করে টাকা ফেরৎ চেয়ে অনেক আঁকুতি মিনতী করে সে। তবুও মন গলেনি অজ্ঞাত ওই ব্যক্তির। তার উপর বিভিন্ন ধরনের কটু কথা শুনিয়ে দেন নাজমুলকে। এরপর অজ্ঞাত ব্যক্তিটি তার ফোন বন্ধ করে দেয়।

নাজমুল চোখে অন্ধকার দেখে। এতগুলো টাকা তার পক্ষে ফেরত দেয়া অনেক কষ্ট সাধ্য হয়ে পড়ে। পরে অনেকের কাছ থেকে টাকা ধার-দেনা করে সেবা গ্রহীতার টাকা ফেরৎ দেয় নাজমুল। এ টাকা আর ফেরত পাবেন কিনা তা ছিল অনিশ্চিত সে। তবুও চলে যান রূপগঞ্জ থানায়। ডিউটি অফিসারের পরামর্শে করেন জিডি। তদন্তভার দেয়া হয় এসআই আজহার আলীকে। তিনি বিষয়টি দ্রুত অবহিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখাকে। আইসিটি শাখার ইনচার্জ এস‌আই হাফিজুর রহমান সংগে সংগে বিকাশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট বিকাশ একাউন্টটির লেনদেন বন্ধ করে দেন। ফলে ভুলে চলে যাওয়া টাকা তুলে নিতে পারেনি অজ্ঞাত ব্যক্তি। এরপর শুরু হয় বিকাশ কর্তৃপক্ষের সাথে পত্রালাপ। বিকাশ অফিস থেকে বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করেন সিনিয়র অফিসার মোঃ কামরুল ইসলাম। বিকাশ কর্তৃপক্ষ বিষয়টি যথেষ্ট গুরুত্ব ও আন্তরিকতার সাথে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে তদন্ত করেন। তদন্তে বিষয়টির সত্যতা পাওয়ায় ব্যবসায়ী নাজমুল ইসলামের একাউন্টে বুধবার (১৮ নভেম্বর) সেই টাকা ফেরৎ পাঠান বিকাশ কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা (এস আই) হাফিজুর রহমান।

নাজমুল ইসলাম জানান, তিনি কখনও আশা করেননি এ টাকা তিনি ফেরৎ পাবেন। পুলিশ ও বিকাশ কর্তৃপক্ষের সাহায্য পেয়ে তিনি বেজায় খুশি। সে সাথে ধন্যবাদ জানান পুলিশ কর্মকর্তা সহ বিকাশ কর্তৃপক্ষকে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১০:৫৫ এএম

১৯ নভেম্বর ২০২০ খ্রি. ০৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৩ রবিউস সানি ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like