

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার :
মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের বড় কেশবপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি(কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) হাবিবুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

নির্ধারিত সময়ে কমিউনিটি ক্লিনিকে না আসা এবং তৃণমূল পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীকে যথাযথ স্বাস্থ্যসেবা না দেয়ার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বড় কেশবপুর কমিউনিটি ক্লিনিকটি স্থানীয় সাধারণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষে চালু হয়েছে। তবে সম্প্রতি ক্লিনিকটির সিএইচসিপি হাবিবুর রহমানে স্বেচ্ছাচারিতা, সঠিক সময়ে উপস্থিত না থাকায় তৃনমূলের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।
সেবা নিতে আসা একাধিক নারী জানান,’ সকাল দশ/এগারটার দিকে এসেও ক্লিনিকটি বন্ধ পাওয়া যায়। ঠিকমত খোলা না পেয়ে ফিরে যেতে হয়। দূর থেকে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। ঠিকমত চিকিৎসাসেবা ও বিনামূল্যের ওষুধ পাওয়া যায় না।’
আয়শা বেগম নামের সেবা নিতে আসা এক নারী বলেন, ‘প্রায়ই কমিউনিটি ক্লিনিক দেরিতে খুলে। দুপুর হয়ে যায়। সকাল নয়টা এসে দুই ঘন্টা বসে থাকার পর খুলে।’
এ বিষয়ে সিএইচসিপি হাবিবুর রহমান বলেন, ‘মোটর সাইকেল নষ্ট হয়ে যাওয়ায় একদিন দেরি হয়ে গিয়েছিল আসতে। এছাড়া অফিস টাইমেই আসি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক ঘোষ জানান, ‘ওই ক্লিনিকটির সিএইচসিপির বিরুদ্ধে দেরিতে অফিসে আসার অভিযোগ পেয়েছি। তাকে শোকজও করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।’
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন
আপডেট সময় : ১০:৩০ পিএম
২৫ নভেম্বর ২০২০ খ্রি. ১০ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৯ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার








