মাদারীপুরে পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্র ও গুলিসহ আটক ৬

মাজহারুল ইসলাম (রুবেল), মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ৬ আসামিকে রিভলবার, পাইপগান, পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর বরিশাল অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. জামিল হাসান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলো—মো রাসেল বেপারী (২৮), মহিউদ্দিন ওরফে লাট্টু বেপারী (৫২), নয়ন বেপারী (২২), ওসমান বেপারী (২২), সবুজ বেপারী (৩০), শাকিল বেপারী (১৮)। তারা কালকিনি উপজেলার মধ্যেরচর এলাকায় বাসিন্দা।

র‌্যাব অধিনায়ক মো. জামিল হাসান জানান, গত ১০ এপ্রিল মাদারীপুরের কালকিনি থানার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর এলাকায় আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। এ সময় আসামিপক্ষের লোকজন এসআই ও তার ফোর্সদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পলাশকে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, আসামিদের ধরতে মাঠে নামে র‌্যাব। পরে গত বুধবার (১৩ এপ্রিল) ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা এলাকা থেকে একই মামলার আরও ৪ জন আসামিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় তৈরি রিভলবার, ১টি দেশীয় তৈরি পাইপ গান, ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি মাগ্যাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড পাইপ গানের কার্তুজ, ৪টি মোবাইল, ৫টি সিমকার্ড এবং নগদ ৮ হাজার ১ শত ৪৪ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব অধিনায়ক জানান, আটক হওয়া আসামিদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, ফৌজদারি ও সরকারি কাজে বাধা প্রদান সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You might like