

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২২ অক্টোবর ২০২২
কুমিল্লায় নানা আয়োজনে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ৬০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা অঞ্চলে কর্মরত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে বকুল তলায় অনুষ্ঠিত হয় কেক কাটা, মিষ্টি বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন, উপাধ্যক্ষ ডা. ইজাজুল হক, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম।

সাচিব এর সাধারণ সম্পাদক ডা. মুর্শিদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. আজিজুল হোসেন, অধ্যাপক ডা. সরতাজ বেগম, অধ্যাপক ডা. নাজমুস সাদাত, ডা. মালেকা পারভীন, ডা. পলাশ দে, ডা. বাসু দেব এবং ডা. লীরা।
৬০ বছর পূর্তি উদযাপনের অন্যতম আয়োজক কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আজিজুল হোসেন বলেন, আজকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ৬০ বছর পূর্তি কুমিল্লায় উদযাপিত হলো। এটা আমাদের জন্যে মহা আনন্দের। মনে হলো যেন সেই প্রথম বর্ষে ভর্তি হওয়ার আনন্দ। গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সরতাজ বেগম বলেন, এতো কর্মব্যস্ততার মধ্যে এই উপলক্ষে যে আনন্দ উল্লাস করলাম এতেই আমি মনে করি আমরা সার্থক।

তাদের আয়োজনের ভেন্যু হিসেবে কুমিল্লা মেডিক্যাল কলেজকে বেছে নেয়ায় আয়োজকদের ধন্যবাদ দেন বিশেষ অতিথি উপাধ্যক্ষ ডা. ইজাজুল হক।
একই সাথে আয়োজকদের ধন্যবাদ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ।
এ উপলক্ষে সন্ধ্যায় কুমিল্লা নগরীর ফান টাউনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ৬০ বছর পূর্তি উদযাপিত হয়।







