

স্টাফ রিপোর্টার :
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে থেমে নেই মধ্যচরের প্রধানমন্ত্রীর ঘোষিত অর্থনৈতিক অঞ্চলের মাটি বিক্রির কাজ। মাটিখেকো চক্র নতুন করে পূনরায় রাতের আধারে ভেকু সংখ্যা অন্যন যন্রাংশ বাড়িয়ে বেশি পরিমানে মাটি বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে প্রভাবশালীরা।

অর্থনৈতিক অঞ্চলের মাটি কেটে নিয়ে যাওয়ার মতো ঘটনায় এই মাটি খেকোদের বিরুদ্ধে নেয়া হয়নি কোনো প্রকার আইনি ব্যবস্থা। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে ক্ষোভ। গ্রাম রক্ষায় স্থানীয় লোকজন প্রশাসনের সহযোগীতা কামনা করে আসছেন।
তবে এই মাটি খেকোর মূলহোতা কল্যানপুর ইউনিয়নের ইউপি সদস্য রনি মেম্বার। হাইমচর উপজেলা সহ চাঁদপুর জেলার বিভিন্ন চরের মাটি কেটে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তবে কার হাত রয়েছে এটি কারও জানা নাই।
স্থানীয় লোকজন জানান, গত কয়েকদিন ধরেই নীলকমল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাটি কেটে বিক্রি করছেন মাটি খেকো বিশাল চক্র। গত ৭ নভেম্বর উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল মাটি কাটার স্থানে আসার পূর্বেই মাটি খেকো চক্র মাটি কাটার ভেকুসহ সরঞ্জাম সরিয়ে নেয়। ম্যাজিষ্ট্রেট চলে আসার পর রাতেই এই চক্র মাটি কাটা শুরু করে।
ঐ রাতেই স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান রতন হাজী এলাকার লোকজন নিয়ে বাধা প্রদান করেন। পরের দিন সকালে এই মাটি খেকো চক্রটি রতন হাজীকে ম্যানেজ করতে দুইটি স্পীডবোট নিয়ে তাঁর কাছে আসেন। লোকজনের ধারনা রতন হাজীকে ম্যানেজ করেই তারা মাটি কাটবে। মাটি কাটার জন্য এই চক্রটি আরও বেশি সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছেন।
সাবেক ইউপি চেয়ারম্যান রতন হাজী বলেন, চাঁদপুর থেকে দুইটি স্পীডবোটে করে কয়েকজন লোক মাটি কাটায় সহযোগীতা করার জন্য অনুরোধ করেন। আমি তাদেরকে সরাসরি বলে দিয়েছি। নীলকমল ইউনিয়নের এক টুকরো মাটি আমরা কাউকে বিক্রি করতে দেবো না।

স্থানীয় সচেতন ব্যক্তি ফারুক মোল্লা বলেন, মাটি বিক্রির মূল হোতা চাঁদপুরের কল্যানপুর ইউনিয়নের রনি মেম্বার। আমরা তাদেরকে মাটি কাটতে নিষেধ করে দিয়েছি। তারা গতকাল রাতে মাটি কাটা শুরু করলে রতন হাজী বাঁধা প্রধান করেন। বুধবার সকালে তারা মাটি কাটার জন্য রতন হাজীর কাছে আসেন। তিনি আরও বলেন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়নের কোন নেতাকে প্রতিবাদ করতে দেখেনি। কেনো তারা প্রতিবাদ করেনা সেটা আপনারা বুঝে নেন। তারা সকলকে ম্যানেজ করেই মাটি কাটছে।
এ বিষয়ে নীলকমল ইউপি চেয়ারম্যান সউদ আল নাসের কাছে জানতে চাইলে , মাটি কাটা এই চক্রটিকে উপজেলা নির্বাহী অফিসারসহ ঘটনাস্থলে এসে মাটি কাটতে নিষেধ করেছি। নীলকমল ইউনিয়নে আর এক টুকরো মাটিও কোন মাটি খেকোকে কাটতে দেওয়া হবে না। যদি কেউ মাটি কাটে আমি তাদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা গ্রহন করবো।







