কলসি ভর্তি স্বর্ণের প্রলোভনে প্রতারণা : জ্বিনের বাদশা, খাদেমসহ গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কলসিভর্তি স্বর্ণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং পরিবারের সদস্যদের বিপদের কথা বলে ৩০ ভরি স্বর্ণ আত্মসাৎ করেছে মাজারের খাদেম ও জ্বীনের বাদশা পরিচয়দানকারী একটি চক্র।

এ ঘটনায় সোমবার বিকালে জ্বীনের বাদশা ও মাজারের কথিত খাদেমসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করে জেলা গোয়েন্দা পুলিশ। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রামনাথপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রামনাথপুর মধ্যপাড়ার মৃত শাফিরুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (২২) একই এলাকার আইয়ুব আলীর ছেলে মো. আফজাল (৩০) ও মো. মান্নান গাছুর ছেলে মো. আরিফ (২২)।

জেলা গোয়েন্দা পুলিশ বলছে, কুমিল্লার লালমাই এলাকার ভুক্তভোগী আয়েশা বেগমকে ২৫ আগস্ট রাতে সিলেট শাহজালাল মাজারের পীর পরিচয় দিয়ে তাঁর মোবাইল ফোনে কল দেয়।

পরে স্বর্ণভর্তি দুটি কলসির প্রলোভন দেখিয়ে এবং পরিবারের সদস্যদের বিপদের কথা বলে ৩০ ভরি স্বর্ণ আত্মসাৎ করে নিয়ে যায়।

এ বিষয়ে প্রতারিত হয়ে আয়েশা বেগম গত ৫ সেপ্টেম্বর কুমিল্লার লালমাই থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।


গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ বলছে, আসামিরা এ ঘটনার কথা স্বীকার করেছেন এবং তারা দীর্ঘদিন যাবৎ এভাবে মধ্যরাতে ফোন করে নিজেদের বিভিন্ন মাজারের পীর, বাবা আখ্যা দিয়ে গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভনসহ পরিবারের সদস্যদের অমঙ্গল হবে বলে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার, অর্থ আত্মসাৎ করে থাকেন।

এ ছাড়া তাঁরা এসব প্রতারণার জন্য মধ্যরাত এবং ভোররাতকেই প্রাধান্য দেন।

You might like