পূজামণ্ডপে হিন্দু সেজে ছিনতাই: ৩ মুসলিম নারী আটক

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৭ জানুয়ারী ২০২৩
শাঁখা-সিঁদুর পরে হিন্দু নারী সেজে পূজামণ্ডপে গিয়ে অভিনব সব কৌশলে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের ৩ মুসলিম নারী সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের সিদ্বেস্বরী মন্দিরে এ ঘটনা ঘটে।
 মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত নারী ছিনতাইকারীরা হলো, বি-বাড়িয়া জেলার নাছিরনগর থানার ধরমন্ডল গ্রামের মোঃ বাসির মিয়ার স্ত্রী কাজলী (৩৩), একই গ্রামের ছোট্টু মিয়ার স্ত্রী বানু বেগম (৩৯) ও হবিগঞ্জ জেলার লাখাই থানার গনিপুর গ্রামের গাজী মিয়ার স্ত্রী সোমা আক্তার (৩০)।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আন্দিকোট সিদ্বেস্বরী মন্দিরে পূজা চলাকালীন সময়ের ৫ জন সনাতন ধর্মাবলম্বী নারী দাবি করে তাদের গলায় থাকা সোনার চেইন চুরি হয়ে গেছে। তখন সেখানে দায়িত্বে থাকা কমিটির লোকজন সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন নারীকে সন্দেহ হলে তারা থানায় খবর দেয়।
সেখানে গিয়ে তাদেরকে আটক করে প্রাথমিক সিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই মুসলিম। অভিনব কায়দায় তারা মুসলিম হয়েও হাতে শাঁখা ও মাথায় সিঁদুর দিয়ে পূজামন্ডপে প্রবেশ করে।
পরে নারী পুলিশ সদস্য দিয়ে তাদের তল্লাশি করে একটি ছেড়া সোনার চেইন ও কিছু নগদ টাকা পাওয়া যায়।
একপর্যায় তারা চুরির বিষয়টি স্বীকার করে বলে পূজামণ্ডপে তাদেরকে ছাড়াও আরো দুই গ্রুপে ৭-৮ জন সদস্য সেখানে এসেছিলো বাকি সোনার চেইন তাদের কাছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
 মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত নামা পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

You might like